রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১২
ছবি: সংগৃহীত
রাজধানীর প্রগতি সরণির নদ্দা এলাকায় দুই বাসের মুখোমুখি ও পাশ্ববর্তী সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১২ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
বুধবার (২৭ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বিমানবন্দর-প্রগতি সরণি সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও যান চলাচল স্বাভাবিক করতে সকাল থেকেই কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে নদ্দা এলাকায় প্রগতি সরণির ওপর আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে বা ধীরগতিতে চলছিল। এ সময় ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী দ্রুতগামী ‘ইসলাম পরিবহন’-এর একটি বাস সড়ক বিভাজক (আইল্যান্ড) অতিক্রম করে অনিয়ন্ত্রিতভাবে আকাশ পরিবহনের বাসটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় আকাশ পরিবহনের বাসটির পেছনের ডান পাশের অংশটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওই বাসের এক যাত্রী প্রাণ হারান।
অন্যদিকে, ধাক্কা দেওয়ার পর ইসলাম পরিবহনের বাসটি সড়কের আইল্যান্ডের ওপর উল্টে ধুমড়ে পড়ে থাকে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।
আরও পড়ুন: গৌরনদীতে বাসচাপায় ১ শিশুসহ দম্পতি নিহত
খবর পেয়ে সকাল সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে একজনের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা বাস দুটির ভেতর ও চারপাশ থেকে অন্তত ১২ জন আহত যাত্রীকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বারিধারা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য কিছু রোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও স্থানান্তর করা হচ্ছে।
এদিকে, ব্যস্ততম এই সড়কে সাতসকালে দুর্ঘটনার কারণে প্রগতি সরণির দুই পাশে মুহূর্তের মধ্যে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা চারপাশের সংযোগ সড়কগুলোতেও ছড়িয়ে পড়ে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে যোগ দেয় এবং যানজট নিরসনে কাজ শুরু করে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনাকবলিত বাস দুটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার পর থেকে ইসলাম পরিবহনের চালক ও হেলপার পলাতক রয়েছে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








