News Bangladesh

কুড়িগ্রাম সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৮, ১২ জানুয়ারি ২০২৬

রংপুরে এক মাসে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ 

রংপুরে এক মাসে সাড়ে ৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ 

ছবি: সংগৃহীত

গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এ সময় ৭০ জন চোরাকারবারীকে আটক করা হয়। পাশাপাশি ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক, পিএসসি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ৬৬৯ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত বিজিবির বিভিন্ন সেক্টর ও অধীনস্থ ব্যাটালিয়নের সমন্বিত ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

নাফ নদীর তীরে মাইন বিস্ফোরণে পা হারালেন বাংলাদেশি যুবক

জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে—
৬৯১ বোতল ফেন্সিডিল, ৯৬১ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৬৩৪ পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২৬৫ বোতল নেশাজাতীয় সিরাপ, ৩ হাজার ১১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮০৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২৩৫ পিস ইনজেকশন, ৩০৪ গ্রাম হেরোইন এবং ৫৫ হাজার ৩২৪ পিস নেশাজাতীয় ট্যাবলেট।

এছাড়াও বিজিবির অভিযানে ১৬৪টি গরু ও ৩৩টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়েছে। একই সময়ে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল হক আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিসেম্বর মাসে ২ হাজার ৫৬৩টি সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়