জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৩, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ১৩:২৫, ২৯ জুলাই ২০২৬

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রতীকী ছবি

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক জানান, একই সময় ও স্থানে ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, বুধবার এনসিপি হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার ঘোষণা দিয়েছে। একই সময়ে একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। এতে উভয় পক্ষের বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগমের সম্ভাবনা রয়েছে।

আদেশে আরও বলা হয়, কর্মসূচিগুলোকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফলে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশৃঙ্খলা বিনষ্ট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় জনস্বার্থে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হয়েছে।

আরও পড়ুন: টেকনাফে ১৪৪ ধারা অমান্য করে জমি দখলের চেষ্টা

ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, মাইকিং, স্লোগান, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে এমন সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়