News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২২:১০, ২৪ ডিসেম্বর ২০২৫

মধুর ক্যান্টিনে ভাঙচুর, এক যুবক আটক

মধুর ক্যান্টিনে ভাঙচুর, এক যুবক আটক

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে হঠাৎ করে এক অজ্ঞাত যুবক ক্যান্টিনে ঢুকে এই হামলা চালায়। ঘটনার পরপরই তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয় এবং পরে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই যুবক প্রথমে মধুর ক্যান্টিনের সামনে থাকা একটি পোস্টার ছেঁড়ার চেষ্টা করে। পরে তিনি ক্যান্টিনের ভেতরে প্রবেশ করেন। সেখানে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ছুড়ে ফেলে ভাঙচুর চালান। ভাঙচুরের সময় তাকে অসংলগ্ন কথা বলতে দেখা যায়।

এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে হামলাকারী যুবককে অসংলগ্ন আচরণ করতে এবং অপ্রাসঙ্গিক কথা বলতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙচুরের সময় ক্যান্টিনে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাইরে চলে যান। একপর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা তাকে আটক করে পরিচয় জানতে চাইলে তিনি নিজের নাম সাগর বলে জানান এবং বাড়ি কুমিল্লা বলে দাবি করেন।

আরও পড়ুন: ঢাবির বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্ত ওই যুবককে প্রক্টরিয়াল টিমের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত যুবককে আটক করে প্রক্টর অফিসে আনা হয়েছে। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা বা বিস্তারিত তথ্য জানার জন্য প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সে সময় তাকে পাওয়া যায়নি।

এদিকে মধুর ক্যান্টিনের মালিক অরুণ কুমার দে গণমাধ্যমকে জানান, ঘটনার সময় তিনি ক্যান্টিনে উপস্থিত ছিলেন না। পরে এসে কর্মচারীদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, লোকটি কোথা থেকে এসেছে তা তিনি বলতে পারেন না। ভাঙচুরের পর প্রক্টরিয়াল টিমের সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, তিনি ঘটনাটির কথা শুনেছেন। তার ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিকে প্রক্টরিয়াল টিম আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করেছে। তিনি আরও বলেন, ওই ব্যক্তি মাটিতে গড়াগড়ি করছিল এবং তাকে দেখে মানসিকভাবে বিকৃত বা অসুস্থ মনে হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত যুবক মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শাহবাগ থানা কর্তৃপক্ষ গ্রহণ করবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়