ঢাবির বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর বিকেলে নেওয়ার প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে রোববার (২১ ডিসেম্বর) আনুষ্ঠানিক নোটিশ জারি করা হবে।
শনিবার (২০ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেন।
ঢাবির পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ঢাবির সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনকে সম্মান জানিয়ে পরীক্ষাটি স্থগিত করা হয়। পরে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত এক সভায় পরীক্ষাটি ২৭ ডিসেম্বর নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
একই দিনে সকালে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থী দুই প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ডিন জানান, এমআইএসটি পরীক্ষার্থীদের সুবিধার্থে যেসব শিক্ষার্থী ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ঢাকার বাইরের কোনো কেন্দ্রে আবেদন করেছেন, তাদের ঢাকা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে তারা উভয় পরীক্ষায় অংশ নিতে পারেন।
আরও পড়ুন: যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক এরশাদ হালিম সাময়িক বরখাস্ত
উল্লেখ্য, ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও মোট আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে এমআইএসটির ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা শহরেই অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








