News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৩২, ১ ফেব্রুয়ারি ২০২৬

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটে প্রথম হয়ে ইংরেজি বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থী অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর শহরের বাজারপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অনন্য গাঙ্গুলী কোটচাঁদপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদ্যুৎ কুমার গাঙ্গুলী ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী ভট্টাচার্যের বড় সন্তান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অনন্যর ছোট বোন লিথি মনি গাঙ্গুলীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, অনন্য দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের ধারণা, মানসিক যন্ত্রণা থেকেই তার মৃত্যু হতে পারে।

অনন্যর বাবা গণমাধ্যমকে জানান, তার ছেলে অত্যন্ত মেধাবী হলেও কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

আরও পড়ুন: রাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়