News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১১, ২০ জানুয়ারি ২০২৬

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস স্থগিত করেছে ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে নিয়মিত একাডেমিক কার্যক্রম চালানো অনুকূল নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি সমাধান ও স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ক্লাস বন্ধ থাকবে।

এর আগে গত রবিবার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের সহকারী অধ্যাপক লায়েকা বশীরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল হিজাব ও নিকাব পরা শিক্ষার্থীদের ক্লাসে অপমান করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, বৈষম্যমূলক আচরণ এবং মুসলিম শিক্ষার্থীদের হেনস্থা।

একইসঙ্গে রাজনৈতিক পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অভিযোগে ওই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. এ. এস. এম. মহসিনকেও বহিষ্কার করা হয়। দুই শিক্ষককে বহিষ্কারের পরও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রদল নেতা জুনায়েদকে আজীবন বহিষ্কার

গত ১৮ জানুয়ারি শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান, লায়েকা বশীর ক্লাস চলাকালীন নামাজে বাধা দেওয়া, নিকাব খুলতে চাপ সৃষ্টি এবং পরীক্ষায় বৈষম্যমূলক গ্রেডিং করেছেন। এ ধরনের কর্মকাণ্ডের ভিডিও প্রমাণ শিক্ষার্থীদের কাছে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়