তুচ্ছ ঘটনায় তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮
ছবি: সংগৃহীত
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে কলেজের শহীদ মামুন হলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
এতে উভয় পক্ষের অন্তত ৮ জন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১টার দিকে কলেজের শহীদ মামুন হলে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষ চলাকালে হলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলে থাকা জানালার কাচ, দরজা ও আসবাবপত্রসহ বিভিন্ন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, সংঘর্ষের সময় ছাত্রদলের একটি পক্ষ কড়াইল বস্তি থেকে বহিরাগত লোকজন এনে হলে অবস্থানরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ঘটনার পর কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করেছে। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য অনুরোধ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








