বিএনপিতে যোগদান করলেন জাকসু ভিপি জিতু
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আবদুর রশিদ জিতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিতিতে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে আবদুর রশিদ জিতু বলেন, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তিনি বিএনপির হয়ে কাজ করবেন।
এ সময় রুহুল কবির রিজভী বলেন, জাকসু ভিপি জিতুসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের নির্বাচিত অনেক প্রতিনিধি আজ বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। তিনি নবাগতদের স্বাগত জানান।
এদিন জিতুর পাশাপাশি শহিদ সালাম বরকত হলের ভিপি মারুফ হাসান, জিএস মাসুদ রানা মিন্টু এবং এ এফ এম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডলসহ আরও কয়েকজন নেতা ছাত্রদলে যোগ দেন। এছাড়া নবাব সলিমুল্লাহ হল, আল বেরুনী হল, রবীন্দ্রনাথ ঠাকুর হল, নওয়াব ফয়জুননেসা হল, বেগম খালেদা জিয়া হল ও মীর মোশাররফ হোসেন হলের একাধিক ভিপি ও জিএস বিএনপির ছাত্রসংগঠনে অন্তর্ভুক্ত হয়েছেন।
আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার
উল্লেখ্য, আবদুর রশিদ জিতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী এবং গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি ক্যাম্পাসে পরিচিতি লাভ করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








