News Bangladesh

ক্যাম্পাস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৭, ৭ মার্চ ২০২৬

ঈদে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে জাকসুর বাস সেবা

ঈদে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে জাকসুর বাস সেবা

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে চারটি জেলায় দূরপাল্লার বাস সেবার উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। নির্ধারিত ভাড়া পরিশোধ এবং সব সিট পূরণ সাপেক্ষে বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

শুক্রবার (৬ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান।

জানা গেছে, আগামী ১১ মার্চ (বুধবার) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো ছেড়ে যাবে। বাসগুলো হবে বিআরটিসির ডাবল ডেকার, যেখানে প্রতিটি বাসে মোট ৭৫টি আসন থাকবে।

বাসে আসন সংরক্ষণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ (রোববার) পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীরা তাদের আসন নিশ্চিত করতে পারবেন।

এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চারটি জেলার উদ্দেশ্যে বাস চলাচল করবে। এর মধ্যে ক্যাম্পাস–রংপুর ও ক্যাম্পাস–বগুড়া রুটের বাস যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ পথ দিয়ে যাবে।

অন্যদিকে ক্যাম্পাস–খুলনা রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। এছাড়া ক্যাম্পাস–বরিশাল রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও মাদারিপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে।

আরও পড়ুন: ইবিতে শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

জাকসুর সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে অনেক শিক্ষার্থী একসঙ্গে বাড়ি ফেরার পরিকল্পনা করেন। তাদের যাতায়াতকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়