রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন, মে মাসের প্রথম ১৭ দিনে ২১৭ কোটি ডলার
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত রেমিট্যান্স বা প্রবাসী আয়ে একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। সদ্য সমাপ্ত মার্চ ও এপ্রিলের ধারাবাহিকতায় চলতি মে মাসেও প্রবাসী আয়ের প্রবাহে বড় ধরনের উত্থান লক্ষ্য করা যাচ্ছে।
চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২২ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২২ হাজার ৭৪০ কোটি ৮০ লাখ টাকা। এই হিসাবে চলতি মাসের প্রথম ১৭ দিনে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৮১ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী চিত্র উঠে এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৬১ কোটি ডলার, ফলে বছরওয়ারি হিসেবে উল্লেখযোগ্য বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানিয়েছেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১৫১ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২০ দশমিক ৫০ শতাংশ বেশি।
আরও পড়ুন: মে মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স ১২৮ কোটি ডলার
তিনি আরও জানান, রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা বজায় থাকায় বৈদেশিক মুদ্রার সরবরাহে ইতিবাচক প্রভাব পড়ছে। একই সময়ে প্রবাসী আয়ের মাসভিত্তিক ওঠানামার চিত্রেও উচ্চ প্রবাহ লক্ষ্য করা গেছে এপ্রিলে দেশে এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার, মার্চে রেকর্ড সর্বোচ্চ ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া ডিসেম্বর মাসে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, নভেম্বর ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবর ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বর ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্ট ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় কার্যক্রমও অব্যাহত রয়েছে। নিলামের মাধ্যমে চলতি মাসে আরও ১০ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। ছয়টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়, যেখানে কাট-অফ মূল্য নির্ধারিত ছিল প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা। চলতি মে মাসে এ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ কোটি ডলার, আর ২০২৫-২৬ অর্থবছর শুরু থেকে এখন পর্যন্ত নিলামের মাধ্যমে মোট ক্রয় করা ডলার ৫৯৮ কোটি ৩৫ লাখ বা প্রায় ৫.৯৮ বিলিয়ন ডলার।
সব মিলিয়ে রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় কার্যক্রম বৈদেশিক মুদ্রাবাজারে সরবরাহ ব্যবস্থাকে সক্রিয় রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় আপাত স্থিতিশীলতা বজায় থাকলেও প্রবাহের এই গতি অর্থনৈতিক সূচকে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








