স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪১, ১৫ মে ২০২৬

কার্ড জালিয়াতি রোধে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

কার্ড জালিয়াতি রোধে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ ধরনের সেবার ক্ষেত্রে গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সিভিভি (CVV)-সহ গুরুত্বপূর্ণ গোপন তথ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে দিতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

সতর্কবার্তায় আরও বলা হয়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে কার্ডের গোপন তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা তৈরি হতে পারে। পাশাপাশি অননুমোদিত লেনদেন, আর্থিক ক্ষতি এবং তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকিও রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের অনুরোধ করেছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ড সংক্রান্ত তথ্য প্রদান না করতে এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভনে সাড়া না দিতে। কার্ডসংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাজেটে আসছে মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর

গ্রাহকদের ব্যাংক হিসাবের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, কোনো অবস্থাতেই ওটিপি (OTP) বা ওয়ান টাইম পাসওয়ার্ড এবং কার্ডের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়