নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০৯, ২ জুন ২০২৫

গ্যাসের দামে স্বস্তি, আবারও কমলো এলপিজি

গ্যাসের দামে স্বস্তি, আবারও কমলো এলপিজি

ফাইল ছবি

জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য আরও এক দফা কমানো হয়েছে। 

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা হ্রাস করে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

সোমবার (২ জুন) নতুন এ মূল্য ঘোষণা করা হয় এবং তা একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

পূর্ববর্তী মাস মে-তে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৩১ টাকা, যা তখন ১৯ টাকা হ্রাস করে নির্ধারণ করা হয়েছিল। তার আগের মাসগুলোতে বিভিন্ন সময় এ দাম ওঠানামা করেছে।

এছাড়া, জুন মাসের জন্য কমানো হয়েছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা। মে মাসে এ দাম ছিল ৬৫ টাকা ৫৭ পয়সা। 

আরও পড়ুন: বিস্কুটে-পাউরুটিতে গত বছরের তুলনায় বেশি ভ্যাট বসবে না: সালেহউদ্দিন

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, বিশ্ববাজারে মূল্য ওঠানামা, ডলারের রেট ও অন্যান্য নিয়ামক বিবেচনায় এনে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনঃনির্ধারণ করা হয়।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ দফা বেড়েছিল— জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। 

অন্যদিকে, দাম কমানো হয় ৪ দফা— এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

২০২৫ সালের জানুয়ারির শুরুতে এলপিজির দাম অপরিবর্তিত থাকলেও ১৪ জানুয়ারি তা ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়।

বিইআরসি প্রতি মাসে বিশ্ববাজারের প্রভাব ও অভ্যন্তরীণ পরিস্থিতি বিশ্লেষণ করে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনঃনির্ধারণ করে থাকে। ফলে ভোক্তাদের জন্য দাম হ্রাস বা বৃদ্ধি নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়