গ্যাস খুঁজতে কেনা হচ্ছে আরও দুটি আধুনিক রিগ
ছবি: সংগৃহীত
দেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার ও ত্বরান্বিত করতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর জন্য আরও দুটি আধুনিক ড্রিলিং রিগ কেনার উদ্যোগ নিয়েছে সরকার।
রবিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আবদুল মান্নান।
তিনি বলেন, দুটি আধুনিক অনুসন্ধান কূপ খনন রিগ কেনার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাপেক্সের বহরে পাঁচটি রিগ রয়েছে- বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১। নতুন দুটি রিগ যুক্ত হলে প্রতিষ্ঠানটির মোট রিগের সংখ্যা বেড়ে সাতটিতে দাঁড়াবে।
পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২ হাজার হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি রিগ কেনার প্রস্তাব বর্তমানে মূল্যায়ন পর্যায়ে রয়েছে। এছাড়া ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতার আরও একটি রিগ সংগ্রহের জন্য বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে। ডিপিপি চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য তা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়াতে বাপেক্স বর্তমানে অনুসন্ধান, উন্নয়ন এবং ওয়ার্কওভারসহ বিভিন্ন ধরনের কূপ খননের কাজ চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বাপেক্সের একটি মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপ এবং দুটি অনুসন্ধান কূপ খননের প্রকল্প অনুমোদন করেছে।
আরও পড়ুন: আবারও বাড়লো সোনার দাম
প্রকল্পের আওতায় বেগমগঞ্জ-৫ নম্বর মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপ প্রায় ৩ হাজার ৫৫০ মিটার, বেগমগঞ্জ-৬ নম্বর অনুসন্ধান কূপ প্রায় ৩ হাজার ৪০০ মিটার এবং সুনেত্রা-২ নম্বর অনুসন্ধান কূপ প্রায় ৫ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এসব কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেলে পরবর্তী ধাপে পরীক্ষণ ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








