স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩০, ২৫ জুলাই ২০২৬
আপডেট: ১৪:৫৯, ২৫ জুলাই ২০২৬

টানা বৃষ্টিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

টানা বৃষ্টিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

ছবি: সংগৃহীত

দেশজুড়ে টানা বৃষ্টির প্রভাবে সব ধরনের শাক-সবজির পাশাপাশি বেড়েছে পেঁয়াজের দামও। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরা এলাকার বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে ভালো মানের বাছাই করা পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা তিন-চার দিন আগেও ছিল ৪০ টাকা। মাঝারি মানের বা তুলনামূলক ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি দরে।

পাইকারি বাজারেও বেড়েছে দাম। বর্তমানে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকায়, যা গত সপ্তাহেও ছিল ২০০ থেকে ২২০ টাকার মধ্যে।

পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ ব্যাহত হচ্ছে। মোকাম থেকে ঢাকায় পরিবহনে সমস্যা তৈরি হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এছাড়া অনেক এলাকায় গুদামে পানি জমে পেঁয়াজ নষ্ট হওয়ায় সংকট আরও বেড়েছে।

মালিবাগ রেলগেট কাঁচাবাজারের বিক্রেতা আবদুল হাকিম বলেন, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে ঢাকায় পেঁয়াজ আসে। কিন্তু কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে মোকামেই দাম বেড়ে গেছে। বেশি দামে কিনতে হওয়ায় খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

আরও পড়ুন: ভরিতে ৩,৩২৪ টাকা কমলো সোনার দাম

ক্রেতা জুলহাস বলেন, গত সপ্তাহেও তিনি ৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। এখন একই পেঁয়াজ কিনতে ৬০ টাকা গুনতে হচ্ছে। তার ভাষায়, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বেড়েছে, যা সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়