কাশফুলের রাজ্যে পূজা চেরী, ছবি দেখে মুগ্ধ ভক্তরা
পূজা চেরী। ছবি: সংগৃহীত
প্রকৃতিতে এখন শরতের আবহ। ঝকঝকে নীল আকাশ আর বিস্তীর্ণ প্রান্তরজুড়ে কাশফুলের দোলা- বাংলার শরৎ যেন প্রকৃতির নিজস্ব উৎসব। শরতের এই সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন কাশবনে। সেই মুহূর্তের ছবি ও ভিডিওও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
শরতের আমেজে নিজেকে ভাসিয়েছেন অভিনেত্রী পূজা চেরীও। কাশবনে গিয়ে কাশফুলের সান্নিধ্যে সময় কাটিয়েছেন তিনি। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে ক্যামেরাবন্দীও হয়েছেন নানা মুহূর্তে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূজা। ছবিতে দেখা যায়, ফিরোজা রঙের শাড়িতে সেজে কাশবনে ঘুরছেন অভিনেত্রী। কখনো কাশফুলের পাশে, আবার কখনো গাছের ছায়ায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি।
ছবিগুলোর ক্যাপশনে শরতের সৌন্দর্য তুলে ধরে পূজা লিখেছেন, সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা- শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!
শরৎ মানেই দুর্গাপূজার আগমনী আবহ। পূজার ক্যাপশনেও সেই উৎসবের অপেক্ষার অনুভূতি ফুটে উঠেছে। কাশবনে অভিনেত্রীর এমন ছবি প্রকাশের পর তার অনুরাগীরাও মুগ্ধতা প্রকাশ করেছেন।
একজন মন্তব্য করেছেন, সৌন্দর্যের কোনো সীমা নেই। আরেকজন লিখেছেন, কাশফুলের সৌন্দর্য শুধু পূজার জন্য। কেউ কেউ আবার অভিনেত্রীকে আগাম পূজার শুভেচ্ছা জানিয়েছেন। পোস্ট দেওয়ার আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে এতে হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।
আরও পড়ুন: তিন দিনেই ১০০ কোটির ক্লাবে নানির দ্য প্যারাডাইস
এদিকে অভিনয়ে সাম্প্রতিক সময়ে কিছুটা নীরব রয়েছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে তার নতুন কোনো সিনেমার খবর পাওয়া যায়নি। সর্বশেষ তাঁকে দেখা গেছে সৈকত নাসির পরিচালিত মাসুদ রানা সিনেমায়। তবে সিনেমাটির শুটিং হয়েছিল কয়েক বছর আগে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








