আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
ছবি: সংগৃহীত
চব্বিশের জুলাই অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত টেলিভিশন অনুষ্ঠান, ড্রামা, সংবাদ প্রতিবেদন ও প্রামাণ্যচিত্রকে স্বীকৃতি দিতে আগামী নভেম্বরে বসছে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের আসর। সেই আসরের মনোনয়ন তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ৩৬ দিনের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত এই প্রামাণ্যচিত্র।
এমির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রামাণ্যচিত্রটি আল জাজিরার বিশেষ অনুসন্ধানী বিভাগ আল জাজিরা ইনভেস্টিগেটস-এর অধীনে নির্মিত হয়েছে। এর পক্ষে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে প্রতিনিধিত্ব করবে কাতার।
গণআন্দোলনের পেছনের বিভিন্ন ঘটনা ও অনুসন্ধানী তথ্য তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রটিতে। এর মূল গবেষক ও প্রধান অনুসন্ধানকারী হিসেবে কাজ করেছেন বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের, যিনি আল জাজিরায় কর্মরত।
এমন আন্তর্জাতিক স্বীকৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুলকারনাইন সায়ের।
নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স ক্যাটাগরিতে ২০২৬ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পাওয়ার খবরটি জানাতে পেরে আমি অভিভূত ও সম্মানিত বোধ করছি।
এই স্বীকৃতির কৃতিত্ব বাংলাদেশের মানুষের বলে উল্লেখ করে তিনি আরও লেখেন, এই কাজের প্রথম ও প্রধান দাবিদার বাংলাদেশের সর্বস্তরের মানুষ; বিশেষ করে সেই সব শিক্ষার্থী, শ্রমজীবী ও স্বজনেরা, যারা ওই কঠিন ৩৬টি দিন পার করেছেন এবং যারা জীবন বিসর্জন দিয়েছেন। মূলত এই আন্তর্জাতিক স্বীকৃতি তাদেরই পাওয়া।
আরও পড়ুন: রক্তাক্ত লুকে রণবীর, প্রকাশ্যে লাভ অ্যান্ড ওয়ার-এর ফার্স্ট লুক
জুলাই অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে প্রামাণ্যচিত্রটির এই মনোনয়নকে গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের মূল আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








