রাইজিং স্টার অ্যাওয়ার্ড পেলেন আর জে হাসিব
ছবি: নিউজবাংলাদেশ
বাংলাদেশের পর্যটন প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে রাইজিং স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেয়েছেন রেডিও জকি, ট্রাভেল স্টোরিটেলার ও উপস্থাপক আর জে হাসিব (মো. হাসিবুর রহমান)। ভ্রমণবিষয়ক লেখালেখি, রেডিও ব্রডকাস্টিং ও ট্রাভেল স্টোরিটেলিংয়ের মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
আইপিএ ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে আর জে হাসিবের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য হেলেন জেরিন খান, সংসদ সদস্য ড. সানসিলা জাবরিন প্রিয়াঙ্কা এবং সাবেক জাতীয় ক্রিকেটার ও নির্বাচক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা রহিত সুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভ্রমণবিষয়ক লেখালেখির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন আর জে হাসিব। চার বছরের বেশি সময় ধরে তিনি বিভিন্ন ভ্রমণগন্তব্য, পর্যটন, সংস্কৃতি ও ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে নিয়মিত লিখছেন। এ সময়ে দেশের প্রথম সারির বিভিন্ন জাতীয় পত্রিকায় তার ভ্রমণবিষয়ক লেখা প্রকাশিত হয়েছে। লেখার মাধ্যমে দেশের দর্শনীয় স্থান, ভ্রমণ সম্ভাবনা এবং বিভিন্ন দেশের পর্যটন অভিজ্ঞতা পাঠকদের সামনে তুলে ধরছেন তিনি।
লেখালেখির পাশাপাশি রেডিও ব্রডকাস্টিংয়ের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত আর জে হাসিব। ঢাকা এফএম ৯০.৪-এর বহুল জনপ্রিয় ট্রাভেল শো Lets Go With RJ Hasib-এর উপস্থাপক হিসেবে তিনি দেশি-বিদেশি বিভিন্ন পর্যটনকেন্দ্র, সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও ভ্রমণ অভিজ্ঞতার গল্প তুলে ধরছেন। অনুষ্ঠানের মাধ্যমে ভ্রমণপিপাসু শ্রোতাদের জন্য বিভিন্ন গন্তব্যের তথ্য ও অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকেও সামনে নিয়ে আসছেন তিনি।
তার উপস্থাপনায় Lets Go With RJ Hasib ভ্রমণ ও পর্যটনকেন্দ্রিক একটি পরিচিত প্ল্যাটফর্ম হিসেবে শ্রোতাদের কাছে জায়গা করে নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটনকেন্দ্রের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ অভিজ্ঞতা, ভ্রমণকারীদের গল্প এবং পর্যটনের নানা দিক নিয়ে অনুষ্ঠানটিতে আলোচনা করা হয়।
আরও পড়ুন: শুটিং সেটে পোশাক নিয়ে অস্বস্তিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা
ভ্রমণবিষয়ক লেখালেখি, রেডিও ব্রডকাস্টিং ও ট্রাভেল স্টোরিটেলিংয়ের মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার কাজ করে যাচ্ছেন আর জে হাসিব। রাইজিং স্টার অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন তার ভ্রমণ ও লেখালেখির যাত্রায় একটি উল্লেখযোগ্য সংযোজন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








