নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৯, ২৯ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:২৬, ২৯ এপ্রিল ২০২৬

সংসদের সংরক্ষিত নারী আসনে বিনাভোটে নির্বাচিত ৪৯ জন

সংসদের সংরক্ষিত নারী আসনে বিনাভোটে নির্বাচিত ৪৯ জন

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৪৯ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) এ নির্বাচনের রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।

বিকাল ৪টার পরে নির্বাচন ভবনে তিনি বলেন, ৪৯ জন প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ করা হয়েছে, তাদের নাম কমিশনে উপস্থাপন করে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে গেজেট প্রকাশ করা হবে।

১২ মে এ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু প্রতি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় বরাবরের মতো এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র একজন। একটি আসন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

রিটার্নিং অফিসার মঈন উদ্দীন বলেন, বেসরকারিভাবে নির্বাচিত এসব সংসদ সদস্যদের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন-ইসি সচিবালয়। এরপর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে গেজেট পাঠানো হবে।

রিটার্নিং অফিসার বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে (প্রত্যাহারের সময় সকাল ৯টা থেকে বিকাল ৪টা) কোনো প্রার্থী প্রত্যাহারের আবেদন করেননি। শূন্য পদের সমান পদে মনোনয়নপত্রও সমান হওয়ায় আইন অনুযায়ী আগামীকাল (বৃহস্পতিবার) গেজেট প্রকাশ করবো।”
আরও পড়ুন: কানাডায় এমপি হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর একজনের মনোনয়নপত্র আদালতে গ্রহণের জন্য বলেছে আদালত।

এ বিষয়ে রিটার্নিং অফিসার বলেন, “ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে একজন আপিল করেছেন, এমন তথ্য এখনও আমাদের কাছে নেই। আরেক প্রার্থী নূসরাত তাবাসসুমের রায়ের কপি দিয়ে গেছেন।

“ইসি আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি করতে বলেছে। এখন তা নিষ্পত্তি করা হবে। যদি শূন্য হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেব।”

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমার শেষ সময়। নির্ধারিত সময়ে ৫৩ জন মনোনয়নপত্র জমা দেন ৫০টি আসনে। বাছাইয়ে বাদ পড়েন চারজন; এরমধ্যে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মনিরা শরামিন ও জোটের বাইরে তিনজন ছিল।

বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হওয়ার পর প্রার্থিতা প্রত্যাহারের সময় পার হয়েছে বুধবার বিকাল ৪টায়।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়