News Bangladesh

নারী ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৩, ১৪ এপ্রিল ২০২৬

কানাডায় এমপি হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

কানাডায় এমপি হয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ছবি: সংগৃহীত

কানাডার ফেডারেল রাজনীতিতে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টি অব কানাডা-এর প্রার্থী হিসেবে উপনির্বাচনে জয়লাভ করেন তিনি।

এই জয়ের মাধ্যমে মার্ক কার্নি-এর নেতৃত্বাধীন লিবারেল পার্টি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) কানাডায় তিনটি গুরুত্বপূর্ণ ফেডারেল উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এগুলো ছিল অন্টারিওর ইউনিভার্সিটি-রোসডেল ও স্কারবোরো সাউথওয়েস্ট এবং কুইবেকের তেরেবোন আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে লিবারেলদের মাত্র একটি আসনে জয় প্রয়োজন ছিল।

এই ফলাফলের ফলে লিবারেল পার্টির আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪-এ, যা সরকার পরিচালনায় আরও স্থিতিশীলতা আনবে এবং আইন প্রণয়নে সহজতা তৈরি করবে।

ডলি বেগম এর আগে অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে তিনবার নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে প্রথম, ২০২২ সালে দ্বিতীয় এবং সর্বশেষ নির্বাচনে তৃতীয়বার এমপিপি হন। তখন তিনি নিউ ডেমোক্রেটিক পার্টি-এর প্রার্থী হিসেবে স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে জয়ী হন।

দীর্ঘদিনের লিবারেল দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি সাবেক মন্ত্রী বিল ব্লেয়ারের বিদায়ের পর শূন্য হলে লিবারেল পার্টির মনোনয়ন পান ডলি বেগম।

লিবারেল দলে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় পর্যায়ে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। মার্ক কার্নি-এর নেতৃত্বে একটি শক্তিশালী ও স্বাধীন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চান তিনি।

জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ কানাডা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন ডলি বেগম।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ডলি বেগমের এই বিজয় তার দীর্ঘদিনের পরিশ্রম, নেতৃত্ব এবং জনগণের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক কানাডা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: গুলশান নর্থ ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন

উল্লেখ্য, ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলায়। মাত্র ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে কানাডায় পাড়ি জমান তিনি। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়