স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ১৬ মে ২০২৬
আপডেট: ০৯:২৭, ১৬ মে ২০২৬

অ্যাস্টন ভিলার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ অনিশ্চয়তায় লিভারপুল

অ্যাস্টন ভিলার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ অনিশ্চয়তায় লিভারপুল

ছবি: সংগৃহীত

মৌসুমের শেষভাগে এসে যেন ছন্দ হারিয়ে ফেলেছে লিভারপুল। পারফরম্যান্স ও ভাগ্য দুটোই যেন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে অলরেডদের জন্য। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি তাদের ১৯তম হার। সর্বশেষ হারে আগামী মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (১৫ মে) রাতে ভিলা পার্কে অ্যাস্টন ভিলার কাছে ৪-২ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে লিভারপুল। এই জয়ে উনাই এমেরির দল নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ।

ম্যাচের আগে থেকেই ৩০ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন দেখছিল অ্যাস্টন ভিলা। আগামী বুধবার উয়েফা ইউরোপা লিগ ফাইনাল-এ জার্মান ক্লাব ফ্রেইবুর্গর মুখোমুখি হবে তারা। তার আগে লিভারপুলকে হারিয়ে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিল দলটি।

ঘরের মাঠে বল দখলে কিছুটা পিছিয়ে থাকলেও আক্রমণে দারুণ কার্যকর ছিল ভিলা। ৪২ মিনিটে মরগান রজার্সর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ৫২ মিনিটে ভার্জিল ফন ডাইক গোল করে সমতায় ফেরান লিভারপুলকে।

তবে সেই সমতা বেশিক্ষণ টেকেনি। পাঁচ মিনিট পর আবারও ভিলাকে এগিয়ে দেন ওলি ওয়াটকিন্স। পরে ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি।

ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হতে পারেনি লিভারপুল। ৮৯ মিনিটে জন ম্যাকগিন গোল করলে ব্যবধান দাঁড়ায় ৪-১। যোগ করা সময়ে ফন ডাইক নিজের দ্বিতীয় গোল করলেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় অলরেডদের।

আরও পড়ুন: তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট, আইসিসির মাসসেরা নাহিদ রানা

এই হারে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা অনিশ্চয়তায় পড়ে গেল লিভারপুলের। একই সঙ্গে কোচ আর্নে স্লট দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এক ম্যাচে চার গোল হজম করল দলটি। চলতি প্রিমিয়ার লিগ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫১ গোল হজম করেছে লিভারপুল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়