বুমরাহ-সুন্দরের পর মাঠের বাইরে অভিষেক
ছবি: সংগৃহীত
মাঠের লড়াইয়ের চেয়েও এখন চোট আর অসুস্থতা সামলাতেই বেশি হিমশিম খাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ক্রিকেটারের চোট ভারতের বিশ্বকাপ অভিযানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ওয়াশিংটন সুন্দর, হার্ষিত রানা এবং জাসপ্রীত বুমরাহর পর এবার অসুস্থতার তালিকায় যুক্ত হয়েছেন হার্ডহিটিং ওপেনার অভিষেক শর্মা। গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারের শারীরিক অবস্থা নিয়ে এখন রীতিমতো উদ্বেগে রয়েছে টিম ম্যানেজমেন্ট।
আসরের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে রান করতে না পারা এই বাঁহাতি ব্যাটসম্যানকে মাঠে কিংবা ফিল্ডিংয়ে দেখা যায়নি। ম্যাচের পরও দীর্ঘ সময় তিনি ডাগআউট বা মাঠে উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন: পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, শ্রীলঙ্কার পুনর্বিবেচনার আহবান
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিষেক কিছুদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন এবং সামান্য দুর্বলতা অনুভব করছেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের দিনও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন না। তাই ভারত কিছুটা ঝুঁকি নিয়ে তাঁকে খেলোয়াড়ি করেছে। প্রথম ওভারে আউট হওয়ার পর তিনি মাঠে আর ফেরেননি। ম্যাচ শেষে দিল্লিতে দলের কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নৈশভোজে যোগ দিলেও অল্প সময় থাকার পর হোটেলে ফিরে যান। মঙ্গলবারও তিনি দলের অনুশীলনে অংশ নিতে পারেননি।
ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেনডেশকাট জানিয়েছেন, পেটের সমস্যা এখনও অভিষেককে ভোগাচ্ছে। ম্যাচের আগে দু’দিন সময় আছে।
এই মন্তব্য থেকে স্পষ্ট, নামিবিয়ার বিপক্ষে অভিষেক শর্মাকে মাঠে পাওয়া যাবে কি না তা এখনই নিশ্চিত নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যাটিংয়ে অন্যতম ভরসা হিসেবে অভিষেকের অনুপস্থিতি দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
নিউজবাংলাদেশ.কম/পলি








