News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৭, ৬ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, শ্রীলঙ্কার পুনর্বিবেচনার আহবান

পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, শ্রীলঙ্কার পুনর্বিবেচনার আহবান

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠছে আগামীকাল (শনিবার)। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য ২০ দলের এই মেগা টুর্নামেন্টে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ধরা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের লড়াইকে। তবে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় পাকিস্তান ১৫ ফেব্রুয়ারির ওই ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) পুনর্বিবেচনার আহবান জানায়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এসএলসি পাকিস্তানকে কলম্বোতে নির্ধারিত সূচিতে ভারতের সঙ্গে ম্যাচ খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে। ভারতীয় মাটিতে খেলতে না চাওয়ায় বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে পাকিস্তান সরকার বয়কটের ঘোষণা দিয়েছিল। তবে এসএলসি জানিয়েছে, এই সিদ্ধান্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি শ্রীলঙ্কার পর্যটন খাতেও নেতিবাচক প্রভাব ফেলবে। ২০২২ সালের পর থেকে দেশটি এখনও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকেই আইসিসি বিষয়টি পুনর্বিবেচনার চেষ্টা শুরু করেছে। চার দিন পেরোলেও এখনও কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। পাকিস্তান সরকার সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে ম্যাচ খেলার ইঙ্গিত দিয়েছে, তবে সরাসরি আইসিসিকে লিখিতভাবে জানাননি। আইসিসি দরজার আড়ালে যোগাযোগ এবং বিশেষ প্রতিনিধির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমাধান চাইছে, যাতে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, এসএলসি জানিয়েছে, “যেকোনো ধরনের অনুপস্থিতি বা ম্যাচ বয়কট দীর্ঘমেয়াদি প্রভাব তৈরি করে। এতে বড় অঙ্কের আর্থিক ক্ষতি এবং পর্যটন খাতের সম্ভাব্য ক্ষতি রয়েছে। দুই দেশের বোর্ডের মধ্যে উষ্ণ সম্পর্ক এবং ক্রিকেটীয় উন্মাদনাসহ পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পুনর্বিবেচনার অনুরোধ করছি।”

৭ ফেব্রুয়ারি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে। একই দিনে কলম্বোতে পাকিস্তান নেদারল্যান্ডসের সঙ্গে মুখোমুখি হবে। পাকিস্তান এবং ভারত লিগপর্বে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হওয়ার কথা থাকলেও প্রথমে পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। পরবর্তীতে সেমিফাইনাল বা ফাইনালেও দুই দল মুখোমুখি হলে পাকিস্তান সরকার পুনরায় সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: জাহানারার অভিযোগে ফেঁসে যাচ্ছেন মঞ্জুরুল, যৌন হয়রানির সত্যতা পেল বিসিবি

পাকিস্তান শেষ পর্যন্ত আগের বয়কট সিদ্ধান্ত থেকে সরে আসে কি না, তা সময়ের মধ্যেই জানা যাবে। অতীতে পাকিস্তান রাজনৈতিক কারণে বয়কট ঘোষণার পরও ভারত-পাকিস্তান ম্যাচ খেলার নজির রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে তারা প্রথমে ভারত ম্যাচ খেলবেন না বলে জানিয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়