বিশ্বকাপে পেনাল্টি গোলের শীর্ষ তালিকায় মেসি
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের মূল ম্যাচে পেনাল্টি থেকে গোল করার ক্ষেত্রে ইতিহাসের অন্যতম সফল ফুটবলারদের একজন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় মিলিয়ে পেনাল্টি থেকে তার গোলসংখ্যা ৪টি, যা বিশ্বকাপ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ।
এই রেকর্ডে মেসির সঙ্গে রয়েছেন পর্তুগালের ইউসেবিও, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্ক, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং ইংল্যান্ডের হ্যারি কেইন। এখন পর্যন্ত বিশ্বকাপের মূল খেলায় কোনো ফুটবলার পেনাল্টি থেকে ৪টির বেশি গোল করতে পারেননি।
মেসির এই চারটি পেনাল্টি গোলই এসেছে ২০২২ কাতার বিশ্বকাপে। টুর্নামেন্টটিতে তিনি সৌদি আরব, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করেন।
ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মূল ম্যাচে মেসি মোট ৬টি পেনাল্টি নিয়েছেন।
সামগ্রিকভাবে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতাও তিনি। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়ে মেসি করেছেন ১৩ গোল। এর মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ৭টি, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ৪টি এবং ২০০৬ ও ২০১৮ বিশ্বকাপে একটি করে গোল করেন। কেবল ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোনো গোল করতে পারেননি এই আর্জেন্টাইন তারকা।
আরও পড়ুন: নির্বাচিত হয়েই বিসিবি পরিচালকের পদত্যাগ
বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্স, গোল এবং নেতৃত্বের মাধ্যমে লিওনেল মেসি নিজেকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








