ইউরোপের বুকে প্রথম জয়, ইতিহাস গড়ল বাংলাদেশ
ছবি: সংগৃহীত
ইউরোপের মাটিতে কোনো ইউরোপীয় দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোকে ২-১ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
শুক্রবার (৫ জুন) সান মারিনোর স্তাদিও অলিম্পিকো দি সেরাভালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মণ। দলের হয়ে দুটি গোলই করেন তিনি। স্বাগতিকদের একমাত্র গোলটি করেন নিকোলাস জাকোপেত্তি।
ম্যাচের ১৯তম মিনিটে মোরছালিনের দারুণ ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেন তপু বর্মণ। তবে ৩১তম মিনিটে জাকোপেত্তির গোলে সমতায় ফেরে সান মারিনো। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
বিরতির পর অভিষেক ম্যাচে দায়িত্ব পালন করা জার্মান কোচ থমাস ডুলি দলে বেশ কয়েকটি পরিবর্তন আনেন। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ।
তবে ম্যাচের শেষ দিকে এসে কাঙ্ক্ষিত সাফল্য পায় সফরকারীরা। ৮৬তম মিনিটে হামজা চৌধুরীর ফ্রি-কিক থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন তপু বর্মণ।
আরও পড়ুন: শঙ্কা কাটিয়ে ৩ টিভি ও ওটিটিতে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর মাধ্যমে অভিষেক ম্যাচেই জয় দিয়ে বাংলাদেশ দলের কোচ হিসেবে যাত্রা শুরু করলেন থমাস ডুলি। একই সঙ্গে ইউরোপের মাটিতে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন ম্যাচসেরা তপু বর্মণ।
নিউজবাংলাদেশ.কম/এসবি








