অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেই জরিমানা: পিসিবি
ফাইল ছবি
মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন মাঠের বাইরের শৃঙ্খলা নিয়ে উত্তাল পাকিস্তান ক্রিকেট। ক্রিকেটারদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণারোপ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে বোর্ডের অনুমতি ছাড়া কোনো ক্রিকেটার সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করতে পারবেন না।
জিও নিউজের খবরে প্রকাশিত তথ্য অনুযায়ী, পিসিবি এখন থেকে কোনো খেলোয়াড়কে তাদের মিডিয়া বিভাগের অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অনুমতি দেবে না।
বোর্ডের নতুন নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো রাজনৈতিক পোস্ট গ্রহণযোগ্য হবে না, এবং তা লঙ্ঘন করলে অন্তত এক কোটি পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি টাকা) জরিমানা আরোপ করা হবে।
পিসিবি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া নীতিমালা মেনে চলা বাধ্যতামূলক। নতুন নির্দেশনা অনুসারে, খেলোয়াড়দের পোস্ট, মেসেজ বা টুইট করার আগে অবশ্যই মিডিয়া বিভাগের অনুমতি নিতে হবে। একইভাবে, তাদের প্রতিনিধি বা এজেন্টদের পক্ষ থেকে কোনো অননুমোদিত বক্তব্য বা পোস্ট দেওয়ার অনুমতি থাকবে না।
বোর্ড বলেছে, ভবিষ্যতে কেউ এই নিয়ম ভঙ্গ করলে ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী
এই কঠোর পদক্ষেপের পেছনে মূল কারণ হিসেবে নেওয়া হয়েছে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনা। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ১১তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রধান অতিথি মরিয়ম নেওয়াজকে স্বাগত জানানো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর জাতীয় দলের পেসার নাসিম শাহ একটি মন্তব্য করেছিলেন, ‘তাকে কেন লর্ডসের রাণীর মতো আচরণ দেখানো হচ্ছে?’। এই পোস্ট কিছুক্ষণ পর মুছে ফেলা হলেও, তা ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছিল।
পরে নাসিম দাবি করেন, তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তবুও পিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। তিন সদস্যের শৃঙ্খলা কমিটির তদন্তে দেখা যায়, নাসিম কেন্দ্রীয় চুক্তির একাধিক ধারা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নীতিমালা লঙ্ঘন করেছেন। যদিও তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং তার সোশ্যাল মিডিয়া উপদেষ্টার সঙ্গে সম্পর্ক শেষ করেন, তবুও ৩০ মার্চ তাকে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।
শৃঙ্খলা কমিটি নাসিমকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করলেও, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হস্তক্ষেপে তা কেবল জরিমানায় সীমাবদ্ধ থাকে। তবে বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, ভবিষ্যতে আর কাউকে এমন ছাড় দেওয়া হবে না।
পিসিবির একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে কেন্দ্রীয় চুক্তির শর্তাবলী খুঁটিয়ে না পড়ার প্রবণতা রয়েছে। এই অসচেতনতার কারণে বারবার জরিমানা এবং শাস্তির মুখোমুখি হতে হচ্ছে খেলোয়াড়দের। জাতীয় দলের ক্রিকেটার বাবর আজম থেকে শুরু করে রিজওয়ান সকলকে এখন থেকে তাদের ডিজিটাল পদচারণা নিয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। পিএসএলের চলমান মরশুমে পাকিস্তানের ক্রিকেট এখন ‘শাস্তি ও জরিমানা’র খবরের জন্য বেশি আলোচিত।
পিসিবির নতুন নির্দেশনা শুধু ক্রিকেটারদের জন্য নয়, তাদের ম্যানেজার এবং এজেন্টদেরকেও একইভাবে অনুসরণ করতে হবে। কোনো বিতর্কিত পোস্ট বা রাজনৈতিক মন্তব্যের ক্ষেত্রে বোর্ডের শৃঙ্খলা কঠোরভাবে প্রয়োগ হবে। এটি স্পষ্ট করে দেয় যে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যমের আচরণ এখন পাকিস্তানি ক্রিকেটে সমান গুরুত্ব পেয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








