News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৪, ২৯ মার্চ ২০২৬

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেছেন, খেলাধুলাকে সরকার রাজনৈতিকভাবে দেখে না; বরং বিষয়টি বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করা হবে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী বলেন, এখনো পর্যন্ত আইপিএল সম্প্রচারের জন্য কোনো প্রতিষ্ঠান সরকারের কাছে আবেদন করেনি। তবে কেউ আবেদন করলে তা ইতিবাচকভাবেই বিবেচনা করা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান চাইলে আইপিএল দেখাতে পারবে এবং সরকার এ ক্ষেত্রে কোনো বাধা দেবে না।

এদিকে, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, আইপিএল সম্প্রচারকারী চ্যানেলগুলো বাংলাদেশে দেখানোর ক্ষেত্রে বর্তমানে কোনো বিধিনিষেধ নেই।

তিনি বলেন, স্টার স্পোর্টসে আইপিএল সম্প্রচার হলে সেটি দেখানো যাবে এবং এ বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই।

রেজাউল করিম লাভলু আরও জানান, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইপিএল সম্প্রচার বন্ধের যে নির্দেশনা দেওয়া হয়েছিল, সেটির এখন আর কার্যকারিতা নেই। বর্তমান সরকারের পক্ষ থেকে নতুন করে কোনো নির্দেশনা না আসায় সম্প্রচার চালু রাখতে বাধা নেই।

আরও পড়ুন: ভারতের সঙ্গে ড্র করে সেমিফাইনালে বাংলাদেশ

তবে, যথাযথ বিপণন, সম্প্রচার স্বত্ব ও অন্যান্য প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না থাকায় টি স্পোর্টসসহ বাংলাদেশের কোনো সম্প্রচারক প্রতিষ্ঠান এখনো এবারের আইপিএল দেখানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। বর্তমানে টি স্পোর্টস পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার করছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়