News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪১, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আইসিসি র‍্যাঙ্কিংয়ে মারুফার অবিশ্বাস্য উত্থান, শীর্ষে জ্যোতি

আইসিসি র‍্যাঙ্কিংয়ে মারুফার অবিশ্বাস্য উত্থান, শীর্ষে জ্যোতি

ফাইল ছবি

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

টুর্নামেন্ট জুড়ে দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও দ্যুতি ছড়িয়েছেন টাইগ্রেস ক্রিকেটাররা, যার প্রতিফলন ঘটেছে আইসিসির হালনাগাদকৃত সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে। 

আইসিসি নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করার পর ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়েও বড় ধরনের উন্নতি হয়েছে টাইগ্রেসদের একাধিক ক্রিকেটারের। বিশেষ করে তরুণ পেসার মারুফা আক্তারের অবিশ্বাস্য উত্থান এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেরা বিশে ঢুকে পড়া বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বড় প্রাপ্তি।

ব্যাটারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিন ধাপ এগিয়ে তিনি এখন ১৯ নম্বরে অবস্থান করছেন এবং সেরা ২০-এর মধ্যে জায়গা করে নিয়েছেন। বাছাইপর্বজুড়ে ধারাবাহিক ব্যাটিংয়ে নেতৃত্ব দেওয়ার ফলেই এই অর্জন এসেছে বলে বিবেচনা করা হচ্ছে।

বড় লাফ দিয়েছেন মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারী। টুর্নামেন্ট জুড়ে আগ্রাসী ব্যাটিং ও গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস খেলে তিনি ১৬ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৩৬ নম্বরে। ওপেনার দিলারা আক্তারও পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ৬৫ নম্বরে।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী দল

তবে উল্টো চিত্র দেখা গেছে শারমিন আক্তার সুপ্তার ক্ষেত্রে। বাছাইপর্বের শুরুর ম্যাচগুলোতে ভালো করলেও শেষ দিকে ছন্দ হারানোয় তিনি ১৩ ধাপ পিছিয়ে এখন ৪৮ নম্বরে অবস্থান করছেন। অন্যদিকে তরুণ ব্যাটার স্বর্ণা আক্তার র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতিগুলোর একটি করেছেন ৪৩ ধাপ এগিয়ে সেরা ১০০-এর বাইরে থেকে উঠে এসে এখন রয়েছেন ৭৪ নম্বরে।

বোলিং বিভাগেও বাংলাদেশিদের উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। টাইগ্রেস বোলারদের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন রাবেয়া খান, তিনি আগের মতোই রয়েছেন ১৪ নম্বরে। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। তবে শেষ দিকে কিছুটা ছন্দপতনের কারণে অভিজ্ঞ ফাহিমা খাতুন তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৩ নম্বরে।

সবচেয়ে চমকপ্রদ উত্থান ঘটিয়েছেন তরুণ পেসার মারুফা আক্তার। বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ের পুরস্কার হিসেবে তিনি অবিশ্বাস্যভাবে ২০৬ ধাপ উন্নতি করে প্রথমবারের মতো সেরা ১০০-তে জায়গা করে নিয়েছেন। বর্তমানে বোলারদের তালিকায় তার অবস্থান ৯২ নম্বরে।

এদিকে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের তালিকায়ও এক নম্বরে আছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যানাবেল সাদারল্যান্ড।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়