বিশ্বকাপ বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল বাংলাদেশ নারী দল
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দল রবিবার শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান রুবাবা দৌলা ক্রিকেটারদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।
চলতি বছরের ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সরাসরি খেলার সুযোগ হারালেও বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
রোববার নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করা নেদারল্যান্ডস ২০ ওভারে ৬ উইকেটে ১০২ রান সংগ্রহ করে। বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্পিনার নাহিদা আক্তার ৩ উইকেট শিকার করেন।
জবাবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেসরা আত্মবিশ্বাসী ব্যাটিং দেখিয়ে ২০ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হাফ সেঞ্চুরি করেন, নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতে দলকে উজ্জ্বল ছাপ রাখেন।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৯: ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
বাছাইপর্বে শিরোপা জয়ের মাধ্যমে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় বাংলাদেশ নারী দলকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আশা জাগছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








