স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪১, ২৯ জুলাই ২০২৬

দলীয় শিরোপা ছাড়াই কি ব্যালন ডি’অর জিতবেন এমবাপ্পে?

দলীয় শিরোপা ছাড়াই কি ব্যালন ডি’অর জিতবেন এমবাপ্পে?

ছবি: সংগৃহীত

গোল, রেকর্ড আর দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্স সব মিলিয়ে কিলিয়ান এমবাপ্পে আবারও ব্যালন ডিঅর আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার তার সামনে সবচেয়ে বড় প্রশ্ন, উল্লেখযোগ্য কোনো দলীয় শিরোপা ছাড়াই কি বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি জেতা সম্ভব?

ফুটবল ইতিহাস বলছে, এমন ঘটনা খুবই বিরল। এই শতাব্দীতে মাত্র দু'জন ফুটবলার বড় কোনো দলীয় শিরোপা ছাড়াই ব্যালন ডিঅর জিতেছেন। ২০০০ সালে লুইস ফিগো এবং ২০১৩ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো ব্যক্তিগত নৈপুণ্যের জোরে এই সম্মান অর্জন করেন। কাকতালীয়ভাবে দু'জনই তখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় ছিলেন।

এরপর থেকে ব্যালন ডিঅরের লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ কিংবা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে সফল ফুটবলাররাই সাধারণত এগিয়ে থেকেছেন। ফলে দলীয় অর্জন দীর্ঘদিন ধরেই পুরস্কারটির অন্যতম গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে আছে।

তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। একদিকে রয়েছেন লামিন ইয়ামাল ও লিওনেল মেসির মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, অন্যদিকে মৌসুমজুড়ে ধারাবাহিক গোল, অসাধারণ পারফরম্যান্স এবং আক্রমণভাগে প্রভাব বিস্তার করে আলোচনায় রয়েছেন এমবাপ্পে।

এখন প্রশ্ন, ভোটাররা কি দলীয় ট্রফিকেই প্রধান বিবেচনায় রাখবেন, নাকি এমবাপ্পের ব্যক্তিগত নৈপুণ্যই তাকে এনে দেবে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডিঅর?

আরও পড়ুন: জিদানের হাতে ফ্রান্সের দায়িত্ব

যদি শেষ পর্যন্ত এমবাপ্পে বিজয়ী হন, তবে তিনি হবেন এই শতকে বড় কোনো দলীয় শিরোপা ছাড়াই ব্যালন ডিঅর জেতা মাত্র তৃতীয় ফুটবলার। একই সঙ্গে এটি প্রমাণ করবে, বিশেষ কিছু মৌসুমে একজন ফুটবলারের অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্স দলীয় সাফল্যের ঘাটতিকেও ছাপিয়ে যেতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়