মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে বিশ্বকাপের সেরা গোলের পুরস্কার জিতলেন কাবরাল
ছবি: সংগৃহীত
স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পরও আলোচনায় রয়েছে ব্যক্তিগত পুরস্কারগুলো। এর মধ্যে সমর্থকদের ভোটে হুন্দাই গোল অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন কেপ ভার্দের ২৩ বছর বয়সী ডিফেন্ডার সিডনি লোপেস কাবরাল।
রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে করা দুর্দান্ত একক নৈপুণ্যের গোলের জন্য এই স্বীকৃতি পান তিনি। মাঝমাঠ থেকে বল নিয়ে একাই আক্রমণে উঠে প্রথমে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে যান। এরপর বাঁকানো দৃষ্টিনন্দন শটে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে বল জড়ান জালের ওপরের কোণে। দর্শক ও ফুটবল বিশ্লেষকদের মুগ্ধ করা সেই গোলই শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়।
ফিফার আয়োজিত সমর্থকদের ভোটে কাবরালের গোলটি লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও হুলিয়ান আলভারেজের গোলকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে। এর মধ্য দিয়ে তিনি জেমস রদ্রিগেস, বেঞ্জামিন পাভার ও রিচার্লিসনের মতো আগের বিজয়ীদের কাতারে নাম লেখান।
পুরস্কার জয়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে কাবরাল বলেন, বলটি যখন জালের ওপরের কোণের দিকে যেতে দেখলাম, তখন নিজের কাছেই প্রশ্ন জেগেছিল আমি আসলে কী করে ফেললাম! বিশ্বাসই হচ্ছিল না। গোল করার পর আনন্দে কী ঘটছে, সেটিও ঠিকমতো বুঝে উঠতে পারিনি। না ভেবেই দৌড় শুরু করেছিলাম। এরপর উপলব্ধি করলাম, বিশ্বকাপে অসাধারণ একটি গোল করে ফেলেছি।
কাবরালের এই গোলের প্রশংসা করেছেন ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লেফট-ব্যাক মার্সেলো। কাবরাল জানান, ছোটবেলা থেকে যার খেলা দেখে বড় হয়েছেন, সেই মার্সেলো ব্যক্তিগতভাবে তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। শুধু তাই নয়, গোল অব দ্য টুর্নামেন্ট নির্বাচনে তিনিও কাবরালের গোলের পক্ষেই ভোট দিয়েছেন।
আরও পড়ুন: ফাইনালের ক্ষত নিয়ে নীরবতা ভাঙলেন স্কালোনি
মার্সেলোর বার্তার প্রসঙ্গে কাবরাল বলেন, তিনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণাদের একজন। তিনি লিখেছেন, তোমার খেলা দেখে দারুণ লেগেছে। তুমি সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








