স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৯, ১৭ মে ২০২৬

দেশের ১৪ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের ১৪ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা

ছবি: সংগৃহীত

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (১৭ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপ আকারে একই এলাকায় রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বেড়েছে।

আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে।

এদিকে দেশের কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা ও খুলনা বিভাগের ওপর দিয়ে এই তাপপ্রবাহ আগামী দিনেও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি চলছে

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া পরিচালকের পক্ষে দেওয়া পূর্বাভাসে জানান, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়