স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ১৭ মে ২০২৬

ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি চলছে

ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম ট্রেন টিকিট বিক্রি চলছে

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। 

রবিবার (১৭ মে) বিক্রি হচ্ছে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট। এদিন ২৭ মে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট দেওয়া হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নেয় রেলওয়ে। এর আগে ১৩ মে বিক্রি হয়েছে ২৩ মে’র টিকিট, ১৪ মে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র যাত্রার টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য একবারই টিকিট কিনতে পারবেন। একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনার সুযোগ রাখা হয়েছে। তবে এসব অগ্রিম টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না।

এদিকে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তবে উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি ৭ পাসপোর্টসহ আটক

চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের সম্ভাব্য তারিখ সামনে রেখে ২৮, ২৯ ও ৩০ মে’র ট্রেনের টিকিটও পর্যায়ক্রমে বিক্রি করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়