স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:১৭, ১৫ মে ২০২৬

ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের ৯টি অঞ্চলে আজ রাতের মধ্যে ঝড় ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরিস্থিতি বিবেচনায় এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর ৩টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, কুষ্টিয়া, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঝড়ো আবহাওয়ার কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে নৌযানগুলোকে সাবধানে চলাচল ও নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে আবহাওয়াবিদ ও গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, দেশের বিভিন্ন বিভাগে দুপুর থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।

ঢাকা বিভাগে কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকায় সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায়ও বৃষ্টি হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

বরিশাল বিভাগে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুরে রাতের দিকে বেশিরভাগ এলাকায় বৃষ্টি হতে পারে। সিলেট ও ময়মনসিংহ বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

আবহাওয়া অধিদপ্তর নাগরিকদের ঝড়-বৃষ্টি চলাকালে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়