স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫২, ১৫ মে ২০২৬

২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে দীর্ঘ এই ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসে ছুটি থাকবে। তবে ছুটির আগে ২৩ মে শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরদিন ২৪ মে রোববারও যথারীতি অফিস কার্যক্রম চলবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং মানুষের ভোগান্তি কমাতেই দীর্ঘ ছুটির এই পরিকল্পনা নেওয়া হয়েছে। আর সে কারণেই একটি সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

তবে জরুরি পরিষেবাগুলো এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবাসহ জরুরি খাতের কর্মীরা যথারীতি দায়িত্ব পালন করবেন। হাসপাতাল ও জরুরি চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্টদের ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে।

আরও পড়ুন: শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে পৃথক নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের ছুটির বিষয়ে নির্দেশনা দেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বেসরকারি শিল্প-প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়