শনিবার চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
দীর্ঘ ২২ বছর পর শনিবার (১৬ মে) তারেক রহমান চাঁদপুর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এরই মধ্যে সম্ভাব্য কর্মসূচির বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরকালে প্রধানমন্ত্রী জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন ও পরিদর্শন করবেন। এর মধ্যে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা উল্লেখযোগ্য। পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়ে রাজনৈতিক দিকনির্দেশনাও দেবেন।
পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীবেষ্টিত চাঁদপুর জেলা নদী, ইলিশ ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত হলেও দীর্ঘদিন ধরে নানা সমস্যায় পিছিয়ে রয়েছে। বিশেষ করে নদীভাঙন স্থানীয় মানুষের অন্যতম বড় দুর্ভোগ। শিক্ষা খাতেও রয়েছে নানা সীমাবদ্ধতা। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া জেলায় একটি ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দাবিও দীর্ঘদিনের।
এমন বাস্তবতায় তারেক রহমানের সফর ঘিরে নতুন আশার কথা জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নদীভাঙন রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, শিল্পায়ন ও কর্মসংস্থানের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
জানা গেছে, শনিবার সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
এরপর বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সবশেষে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে জেলার তরুণদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা কর্মসংস্থান সৃষ্টি, চাঁদপুর-কুমিল্লা সড়ক চার লেনে উন্নীতকরণ, পর্যটন শিল্পের বিকাশ এবং সাংস্কৃতিক খাতের উন্নয়নে বিশেষ উদ্যোগের দাবি জানিয়েছেন।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, দুটি খাল পুনঃখনন কর্মসূচির পাশাপাশি জেলার রাজরাজেশ্বর ইউনিয়নের একটি ওয়ার্ডে ৩৭০ জনের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। একইসঙ্গে চাঁদপুর থেকে দেশের ২২ জেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: টাইমস অব বাংলাদেশ’র ভারপ্রাপ্ত সম্পাদক হলেন আবুল কালাম আজাদ
জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরে একটি ইপিজেড প্রতিষ্ঠা জেলার মানুষের অন্যতম প্রধান দাবি। তিনি আশা প্রকাশ করেন, ইপিজেড গড়ে উঠলে চাঁদপুরসহ আশপাশের জেলার মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








