স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫৭, ১৩ মে ২০২৬

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক, পরানো হয়েছে ‘রিং’

 রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে হৃদযন্ত্রে গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যে সফলভাব এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক বঙ্গভবনের প্রেস উইংকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (১২ মে) দুপুরে যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলি-র তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়।

পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট স্থাপন করা হয়। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের অক্টোবরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি করান। পরবর্তীতে হৃদরোগ-সংক্রান্ত জটিলতার ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিশ্বমানের হৃদরোগ চিকিৎসা ও গবেষণার জন্য পরিচিত এই হাসপাতালটি বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্ল্যান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে: ভারত

রাষ্ট্রপতি গত ৯ মে ফলোআপ চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়