স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৫, ১৩ মে ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে: ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে: ভারত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক দিকে এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত ইতোমধ্যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার (১২ মে) নয়াদিল্লিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে ভারতের সহযোগিতার কথাও তুলে ধরেন জয়সওয়াল।

তিনি বলেন, ইরান যুদ্ধকে ঘিরে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেও ভারত বাংলাদেশে জ্বালানি সরবরাহ অব্যাহত রেখেছে। বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের  মাধ্যমে বাংলাদেশে হাই-স্পিড ডিজেল সরবরাহ করা হচ্ছে। অতিরিক্ত চাহিদার বিষয়টিও ভারত পূরণ করছে বলে জানান তিনি।

সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করেন। অন্যদিকে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকা সফর করেন। 

এই সফরগুলোর প্রসঙ্গ টেনে রণধীর জয়সওয়াল বলেন, এটাই বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিবাচক গতিপথ নির্দেশ করছে।

এদিকে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়েও কথা বলেন তিনি। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে জয়সওয়াল বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের অগ্রাধিকার।

অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানোর সুযোগ নেই। বাংলাদেশের মানুষ ও সরকার কাঁটাতারকে ভয় পায় না।

আরও পড়ুন: ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

এ বিষয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-ও। তিনি বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিলে বাংলাদেশ সরকার কূটনৈতিক আলোচনায় বসবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়