সরকারিভাবে ৮৮ নির্মাণ শ্রমিক নেবে ব্রুনাই
ছবি: সংগৃহীত
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়ে ৮৮ জন নির্মাণ শ্রমিক নিয়োগ দেওয়া হবে।
সোমবার (১১ মে) এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রুনাইয়ের ‘এয়ারটেক কন্টাক্টর’ প্রতিষ্ঠানে ‘কনস্ট্রাকশন ওয়ার্কার’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের দৈনিক বেতন হবে ২০ ব্রুনাই ডলার। সপ্তাহে ৬ দিন এবং প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করতে হবে।
দুই বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কর্মীদের নিয়োগ দেওয়া হবে। থাকা, চিকিৎসা ও বিমান ভাড়ার খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এছাড়া ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন কর্মীরা।
আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। এ নিয়োগে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বা পূর্ব অভিজ্ঞতার শর্ত রাখা হয়নি, ফলে স্বল্পশিক্ষিত ও সাধারণ কর্মীদের জন্যও এটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬। আবেদন করার সময় পাসপোর্ট ও প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে এবং বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে। সাক্ষাৎকারের সময় মূল পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
আরও পড়ুন: ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত হাইওয়ে পুলিশের
বিজ্ঞপ্তিতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে বোয়েসেল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে তাদের কোনো এজেন্ট বা শাখা অফিস নেই। তাই সরকারি নিয়ম অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








