স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ১২ মে ২০২৬

ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত হাইওয়ে পুলিশের

ঈদযাত্রায় যানজটের ৯৪ স্পট চিহ্নিত হাইওয়ে পুলিশের

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে যানজটের সম্ভাব্য ৯৪টি গুরুত্বপূর্ণ স্পট চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ। ঈদের আগে ও পরে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে এসব এলাকায় বিশেষ নজরদারি ও মনিটরিং করা হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঈদ প্রস্তুতি সভার কার্যপত্র অনুযায়ী, ঝুঁকিপূর্ণ স্পটগুলোর মধ্যে ঢাকা-আরিচা মহাসড়কে ৭টি, ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে ২৫টি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭টি, ঢাকা-সিলেট মহাসড়কে ২১টি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫টি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮টি এবং ঢাকা-বরিশাল মহাসড়কে ১টি স্পট রয়েছে।

সোমবার (১১ মে) ঈদ প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রায় গাজীপুর, আবদুল্লাহপুর, বাইপাইল ও চন্দ্রা এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ। এসব এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ ও অনিয়মিত পরিবহন নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

মন্ত্রী জানান, এবার বৃষ্টিপাতও ঈদযাত্রার বড় চ্যালেঞ্জ হতে পারে। বৃষ্টি হলে যানজট বাড়ে, পুলিশের কার্যক্রম ব্যাহত হয় এবং কোরবানির পশুবাহী যানবাহনের চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

তিনি বলেন, গত ঈদে গার্মেন্টস শ্রমিকদের একই দিনে বাড়ি ফেরার কারণে সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছিল। ফলে গাজীপুর ও আশপাশ এলাকায় একদিনেই বিপুলসংখ্যক মানুষ ঢাকা ছাড়ার চেষ্টা করায় তীব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এবারও ধাপে ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সরকার জানিয়েছে, মহাসড়কের পাশে বা ওপর কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
ফেরি ব্যবস্থাপনাতেও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের বাস থেকে নামিয়ে ফেরিতে ওঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফেরিতে ওঠার আগে ব্যারিকেড বসানো হবে, যাতে ফেরি প্রস্তুত না হওয়া পর্যন্ত কোনো যানবাহন এগোতে না পারে।

এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ২০ থেকে ৩১ মে পর্যন্ত বিআরটিএ সদর কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ জন্য অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা কারিকুলাম ঢেলে সাজাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ঈদের আগে ও পরে গুরুত্বপূর্ণ টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি বিআরটিসি বিশেষ ঈদ সার্ভিস চালু করবে এবং দুর্ঘটনাপ্রবণ মহাসড়কে চালকদের ডোপ টেস্টসহ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়