স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ১২ মে ২০২৬

সীমান্তে কাঁটাতার ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতার ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাইলে সেটি তাদের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণ চাষিদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় কর্তৃপক্ষ যদি সীমান্তে কাঁটাতারের সীমানা নির্ধারণ করতে চায়, সেটি তাদের নিজস্ব বিষয়। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানি না।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, তবে ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজনৈতিক বা প্রশাসনিক সিদ্ধান্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলে না। বাংলাদেশ সার্বভৌম সমতার ভিত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অনুপ্রবেশ রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পর্কেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অনেক ক্ষেত্রে পুরোনো ও বিভ্রান্তিকর ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের ঘটনার কোনো সত্যতা বা এর নেতিবাচক প্রভাব বাংলাদেশে পড়েছে এমন তথ্য এখন পর্যন্ত স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই।

আরও পড়ুন: ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে দুই বাংলাদেশি নিহত

তিনি জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়