ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে দুই বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপরজন একজন সিরীয় নাগরিক।
সোমবার (১১ মে) লেবাননের সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডেএ তথ্য জানিয়েছে। তবে নিহত বাংলাদেশিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
জানা গেছে, দক্ষিণ লেবাননের নাবাতিহ জেলার জেবদিন এলাকার একটি বাড়িতে এ হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, রবিবার ইসরায়েলি ড্রোন থেকে হামলাটি চালানো হয়।
যুদ্ধবিরতি চলমান থাকলেও দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। সোমবারও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে সংগঠনটি।
এর আগে গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এরপরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে সরকার
স্থানীয়দের অভিযোগ, ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








