হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে দেশ: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের ধারায় ফিরেছে। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে হলে দেশকে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করতে হবে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে।
শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, একটি সত্যিকারের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর উন্নয়ন নিশ্চিত করতে হবে।
পাটচাষিদের উদ্দেশে তিনি বলেন, উন্নত প্রযুক্তিনির্ভর ও উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি অনুসরণ করে পাট উৎপাদন বাড়াতে হবে। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্যোক্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক, মানসম্মত ও ব্যবহার উপযোগী পাটজাত পণ্য উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অল্পমূল্যে পাটের ব্যাগ তৈরি ও বিপণনে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ইরাকে তিন বাংলাদেশির রহস্যজনক মৃত্যু
সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে তুলে ধরতে হবে এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








