News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪০, ৫ মার্চ ২০২৬

মিতব্যয়ী হতে নিজের দপ্তরে অনন্য দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

মিতব্যয়ী হতে নিজের দপ্তরে অনন্য দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সংকট মোকাবিলা ও জাতীয় সম্পদ সাশ্রয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি কাজে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে তিনি সচিবালয়ে নিজের দপ্তরের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্য হারে কমিয়ে দিয়েছেন। একইসঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে এসে প্রধানমন্ত্রী এই ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজের দপ্তরে পৌঁছান। অফিসে প্রবেশ করেই তিনি নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন। এই মাত্রায় বিদ্যুৎ খরচ তুলনামূলক কম হয় বলে জানান তিনি।

আরও পড়ুন: জ্বালানি সাশ্রয়ে ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান

একই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশের পর সেখানেও অর্ধেক লাইট বন্ধ রাখার এবং এসির তাপমাত্রা সমন্বয়ের নির্দেশ দেন। সচিবালয়ের ১ নম্বর ভবনটি প্রধানমন্ত্রীর দপ্তর; এখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীনস্থ বিভিন্ন বিভাগ কার্যক্রম পরিচালনা করে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পরপরই তাঁর দপ্তরের সব কক্ষে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা সমন্বয় করা হয়।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারাদেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও বিপণিবিতানসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট ব্যবহার কমিয়ে অফিস ও বাসাবাড়িতে জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক সূর্যালোক ব্যবহারের পরামর্শ দেন তিনি।

এছাড়া জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীকে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে আরও করণীয় নির্ধারণে বিশেষজ্ঞদের মতামত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়