স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ৩ আগস্ট ২০২৬

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানিতে আগ্রহী বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রবিবার (০৩ আগস্ট)  সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জ্বালানিমন্ত্রী বলেন, দেশে গ্যাসের চাহিদা ক্রমাগত বাড়ছে। এ কারণে মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বাংলাদেশ আগ্রহী। জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানান। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনার বিষয়েও আলোচনা করেন।

বৈঠকে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পুরোনো প্রস্তাবও নতুন করে আলোচনায় আসে। এ প্রসঙ্গে জ্বালানিমন্ত্রী বলেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আমলে পাইপলাইনের মাধ্যমে মিয়ানমারের গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান বাস্তবতায় সেই প্রস্তাব পুনর্বিবেচনা করা যেতে পারে।

তিনি বিষয়টি এগিয়ে নিতে দুই দেশের জ্বালানিমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেন এবং মিয়ানমারের জ্বালানিমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর বাস্তবায়িত হলে দুই দেশের জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক পুনরায় চালু করে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিসহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা যেতে পারে।

আরও পড়ুন: প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে তরুণদের পাশে থাকবে সরকার

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়