স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৫৯, ২ আগস্ট ২০২৬

প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে তরুণদের পাশে থাকবে সরকার

প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে তরুণদের পাশে থাকবে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগে তরুণদের পাশে থাকবে সরকার। প্রযুক্তিনির্ভর নতুন উদ্যোগ গড়ে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

রবিবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা বিষয়টি জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় এমআইএসটির শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও উদ্ভাবনী কর্মকাণ্ডে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশকে এগিয়ে নিতে গবেষক, উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের আরও বেশি ভূমিকা রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর স্টার্টআপ গড়ে তুলতে আগ্রহী তরুণদের জন্য সরকারের স্টার্টআপ কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সাক্ষাৎকালে এমআইএসটির শিক্ষার্থীরা তাদের তৈরি বিশ্বজয়ী আন্ডারওয়াটার রোবট প্রধানমন্ত্রীর সামনে প্রদর্শন করেন। রোবটটির নকশা, প্রযুক্তিগত সক্ষমতা ও সম্ভাব্য ব্যবহার সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, রোবটটির প্রযুক্তিগত উন্নয়ন, বাণিজ্যিকীকরণ এবং ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রয়োজনীয় সরকারি সহায়তা দেওয়া হবে।

দেশের অর্থনীতিকে আরও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস, ফার্নিচার ও কসমেটিকস খাতকে শক্তিশালী করে রপ্তানি অর্থনীতি সম্প্রসারণে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, সেমিকন্ডাক্টর শিল্পকে অগ্রাধিকার দিয়ে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মরত বাংলাদেশি সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞদের দেশে ফিরে এ খাতের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৩ থেকে ২৯ জুন কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে অনুষ্ঠিত মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন ২০২৬-এ বিশ্বের ১৮টি দেশের ৮৮টি দল অংশ নেয়। যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এমআইএসটির মিস্ট ম্যাভিরভ দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র রানার-আপ এবং কানাডা তৃতীয় স্থান লাভ করে।

আরও পড়ুন: বেনজীরকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা যাবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাক্ষাৎকালে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল ইসলাম, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কে এম মোস্তাফিজুর রহমান এবং বিজয়ী দলের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়