স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৩, ২ আগস্ট ২০২৬

সৌদি জোটে যোগ দেওয়া ইরানবিরোধী কোনো পদক্ষেপ নয়: হুমায়ুন কবির

সৌদি জোটে যোগ দেওয়া ইরানবিরোধী কোনো পদক্ষেপ নয়: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, হুতি বিদ্রোহীদের সৃষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যেই সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশ যোগ দিয়েছে। তবে এ সিদ্ধান্তকে ইরানবিরোধী কোনো পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই।

রবিবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদানের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু হজ, ওমরাহ বা ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ নয়; বরং দুই দেশের মধ্যে একটি কৌশলগত সম্পর্ক গড়ে উঠছে।

তিনি বলেন, সৌদি আরব মুসলিম বিশ্বের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি দেশ এবং দুটি পবিত্র মসজিদের রক্ষক। সে কারণে বাংলাদেশের সঙ্গে দেশটির একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সৌদি আরবের নিরাপত্তার প্রয়োজনে সহযোগিতা চাইলে বাংলাদেশ নৈতিক ও কৌশলগত বিবেচনায় ইতিবাচক সাড়া দেবে।

আরও পড়ুন: বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

হুমায়ুন কবির আরও বলেন, এই জোট মূলত হুতিদের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য। অন্যদিকে আমরা ইরানের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছি। তাই এটিকে কোনোভাবেই ইরানকে বাদ দেওয়া বা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হিসেবে দেখার কারণ নেই।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়