ঢাকার চারপাশের নৌপথ সচল করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ছবি: সংগৃহীত
রাজধানীর যানজট কমানো, পরিবেশ রক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন তিনি।
রবিবার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সভায় ঢাকার চারপাশের নৌপথে যাত্রী পরিবহনে আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্যবর্ধনের বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নদীর তীরবর্তী ওয়াকওয়ের (হাঁটার পথ) পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নদীতীরের সৌন্দর্যও বৃদ্ধি পায়।
আরও পড়ুন: পুলিশের নিরাপত্তা জোরদারের নির্দেশনা শুধু রিমাইন্ডার: ডিবি প্রধান
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, রেলপথমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








