৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর
ছবি: সংগৃহীত
দীর্ঘ আলোচনা-সমালোচনার পর অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আগামী ৫ আগস্ট সকাল ৯টায় জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস।
তিনি জানান, জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট উদ্বোধনের সময় নির্ধারণ করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সংরক্ষণ করা হয়েছে আন্দোলনের বিভিন্ন স্মারক, আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, ব্যানার, প্ল্যাকার্ড এবং আন্দোলনের নানা নিদর্শন। পাশাপাশি বিগত ১৭ বছরের স্বৈরশাসনের বিভিন্ন আলামতও জাদুঘরে স্থান পেয়েছে।
বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে জাদুঘরটি চালু করা সম্ভব হয়নি। নির্মাণকাজ ঘিরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও ওঠে, ফলে এর উদ্বোধন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও চেতনা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আরও জোরদারের আশাবাদ সার্জিও গরের
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উদ্বোধনের পর জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। এছাড়া শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও থাকবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








