বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব আরও জোরদারের আশাবাদ সার্জিও গরের
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও অংশীদারিত্ব আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিদ্যমান সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার এবং যৌথভাবে কাজ করলে বাস্তব সাফল্য অর্জন সম্ভব।
এর আগে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান মার্কিন বিশেষ দূত। সফরের প্রথম দিন সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন বিশেষ দূত
শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন শেষে শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তার সরকারি সফরের গুরুত্বপূর্ণ পর্ব শেষ হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








